মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
অক্টোবর ৩১, ২০২৫, ০৩:১৯ পিএম
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে টানা অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার ও অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি।
বৃহস্পতিবার দিবাগত রাতে ও সকালে মহেশপুর ব্যাটালিয়নের বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৫২/৮-এস হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে লেবুতলা গ্রামে হাবিলদার মো. ফরিদুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামীবিহীন ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
অন্যদিকে, কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নায়েব সুবেদার মো. উবায়দুল্লাহর নেতৃত্বে টহল দল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার গংগাধরদী গ্রামের মান্নান শরিফা (পুরুষ)সহ দুই বাংলাদেশিকে আটক করে।
এছাড়া বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সুবেদার মো. আতিয়ার রহমানের নেতৃত্বে তিনটি পৃথক অভিযানে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনকালে মোট সাতজন নারী নাগরিককে আটক করা হয়।
আটককৃত সকল বাংলাদেশিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।
ইএইচ