মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
নভেম্বর ৪, ২০২৫, ০৩:২৩ পিএম
টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার দেওহাটা ওভারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার গোড়াই ইউনিয়নের রানাশাল গ্রামের আজিম উদ্দিনের ছেলে অটোচালক রহিজ উদ্দিন সিকদার (৪৬) ও অটোর যাত্রী রশিদ দেওহাটা গ্রামের মৃত আজগর আলীর ছেলে আব্দুল হামিদ (৬০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের দেওহাটা ওভারব্রিজ দিয়ে পার হওয়ার সময় অটোচালক যানজট এড়ানোর জন্য ওভারব্রিজে ওঠার চেষ্টা করেন। এ সময় দ্রুতগতির যাত্রীবাহী বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোচালক ও যাত্রী দুইজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি সোহেল সারোয়ার জানান, অটোচালক মহাসড়কের উল্টো দিকে দেওহাটা ওভারব্রিজে ওঠার চেষ্টা করছিলেন। এ সময় টাঙ্গাইলগামী দ্রুতগতির যাত্রীবাহী বাস চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অজ্ঞাত বাস, হেলপার ও চালককে আটক করার চেষ্টা চলছে।
ইএইচ