রাকিবুল হাসান, রাজশাহী
নভেম্বর ১৪, ২০২৫, ০৫:৪৪ পিএম
জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার দুপুর ২টায় নগরের গণকপাড়া মোড়ে এ বিক্ষোভ হয়।
সমাবেশ শেষে গণকপাড়া মোড় থেকে বিক্ষোভ মিছিলটি আলুপট্টি মোড় হয়ে সাহেববাজার অতিক্রম করে আবার গণকপাড়া মোড়েই গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের মাধ্যমে ‘বিপ্লব-পরবর্তী রাজনৈতিক কাঠামো’ নির্ধারণ করে নির্বাচন আয়োজন করতে হবে। জনগণের সরাসরি মতামত গ্রহণের মাধ্যমে গণতন্ত্র আরও সুসংহত হবে এবং একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার পথ রুদ্ধ হবে বলেও মন্তব্য করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, কোনো প্ররোচনায় বিভ্রান্ত হয়ে ছাত্র-জনতার আত্মত্যাগ ভুলে গেলে চলবে না। তাঁদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা করা যাবে না। যারা দেশে ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তারাই জুলাই সনদের বাস্তবায়নে বাধা দিচ্ছে। নির্বাচন সামনে এলেই ধর্মের আড়ালে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়। জনগণ তাঁদের প্রত্যাখ্যান করায় এখন পরিস্থিতি অস্থিতিশীল করতে মসজিদে হামলার মতো অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা।
রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন-রাজশাহী-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মোহাম্মাদ জাহাঙ্গীর, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, মো. শাহাদত হোসাইনসহ অন্যান্য নেতারা।
জেএইচআর