মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
নভেম্বর ১৯, ২০২৫, ০৩:২৭ পিএম
ঝিনাইদহের মহেশপুর উপজেলার এস’বিকে ইউনিয়নের শতবর্ষী খালিশপুর পশুহাট এখন যেন হারানো দিনের স্মৃতি হয়ে দাঁড়িয়েছে। যে হাট একসময় চার–পাঁচ উপজেলার গরু-ছাগল ব্যবসায়ীদের পদচারণায় মুখর থাকত, সেখানে আজ মালিকপক্ষ ভরসা হারিয়ে ফেলছেন।
একই দিনে চৌগাছা ও নতুন প্রতিদ্বন্দ্বী আরেকটি হাট বসায় ক্রেতা–বিক্রেতারা সরে গেছেন। ফলে প্রায় ৫০ লাখ টাকার বিনিয়োগে পরিচালিত এ ঐতিহ্যবাহী হাটের দৈনিক কালেকশন ভেঙে নেমে এসেছে মাত্র ১২–১৪ হাজার টাকায়। এতে শ্রমিকের মজুরি, পাহারাদার, ভ্যাট ও রক্ষণাবেক্ষণের খরচই তোলা কঠিন হয়ে পড়েছে।
ইউনিয়ন চেয়ারম্যান আরিফান হাসান লুথান চৌধুরী আক্ষেপ করে বলেন, “খালিশপুর হাটের সেই ভিড়, সেই গমগমে দিন সব এখন লোককথা হয়ে যাচ্ছে। মালিকদের ওপর চাপটা দেখে কষ্ট হয়।”
হাটের মালিক নুর ইসলাম, ইয়াকুব আলী এবং ইজারাদার আব্দুল মান্নান ও কামাল হোসেন জানান, প্রতিদ্বন্দ্বী হাটের ভিড়ে শতবর্ষী এই হাট টিকিয়ে রাখতে হাটের দিন পরিবর্তনই এখন শেষ ভরসা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, হাটের দিন পরিবর্তন উপজেলা প্রশাসনের এখতিয়ারভুক্ত নয়; বিষয়টি জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। মালিকপক্ষ তাই পুরোনো ঐতিহ্য রক্ষার আশায় এখন জেলা প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
ইএইচ