মিরাজ আহমেদ, মাগুরা
নভেম্বর ২২, ২০২৫, ০১:৪৫ পিএম
মাগুরা আব্দুল গণি একাডেমীতে চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট চারতলা নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করছে।
শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশাসক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুল্লাহ আল মাহমুদ, এবং ইইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাসান শওকত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, মাগুরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সরকার হারুন অর রশিদ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
প্রধান অতিথি বলেন, শিক্ষা অবকাঠামো নির্মাণে মান নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবন নির্মাণের প্রতিটি ধাপে সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে কোনো ধরনের দুর্ঘটনা বা ঝুঁকি সৃষ্টি না হয়। সরকার সকল প্রকল্পেই নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
তিনি আরও বলেন,মাগুরার শিক্ষার উন্নয়নে এই ভবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে এটিকে সম্পন্ন করতে হবে।
আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, বিদ্যালয়ের ভবন নির্মাণে মান বজায় রাখা জরুরি। ঠিকাদার, প্রকৌশলী ও শ্রমিকরা যেন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে কাজ করেন, তা নিশ্চিত করতে ইইডিকে নিয়মিত মনিটরিং করতে হবে। বড় ধরনের কোনো দুর্ঘটনা বা নিরাপত্তা ঝুঁকি যেন না ঘটে, সেদিকে বিশেষ নজর দিতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে পড়ালেখা করবে,এটি নিশ্চিত করাই আমাদের প্রথম দায়িত্ব।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মাগুরার নির্বাহী প্রকৌশলী সরকার হারুন অর রশিদ বলেন, সচিব ও জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ধাপ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হবে। কাঁচামাল নির্বাচন থেকে কাঠামোগত নিরাপত্তা পর্যন্ত সবকিছুই কঠোরভাবে মনিটরিং করা হবে। মানের বিষয়ে আমরা আপসহীন।
আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেন, শিক্ষা খাতে উন্নয়ন যেকোনো সরকারের, যেকোনো দলের জন্য ইতিবাচক বিষয়। নতুন ভবন নির্মাণে এলাকার শিক্ষার্থীরা উপকৃত হবে। শিক্ষা নিয়ে দলাদলি করার কিছু নেই উন্নয়ন সবার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির হোসেন বলেন, আমাদের বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষ সংকট ছিল। নতুন ভবন হলে শিক্ষার্থীরা আরও সুশৃঙ্খল ও আধুনিক পরিবেশে শিক্ষালাভ করতে পারবে। আমরা নির্মাণকাজের মান এবং নিরাপত্তা বিষয়ে সচেতন থাকব এবং সংশ্লিষ্টদের সহযোগিতা করব।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ ভিত্তিপ্রস্তর স্থাপন করে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের উদ্বোধন করেন। বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষার্থী ও অভিভাবকেরা ভবন নির্মাণের এ উদ্যোগকে স্বাগত জানান।
জেএইচআর