হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
নভেম্বর ২৩, ২০২৫, ০১:৪০ পিএম
চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ইফতেখার রাহাত (৩০) ও আবিদুল হাসান (৩৫) নামের দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।
রোববার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাট মিস্ত্রি ঘাটা এলাকায় মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইফতেখার রাহাত পৌরসভার আলীপুরের চাঁনগাজী চৌধুরী বাড়ির ইউছুপের পুত্র এবং আবিদুল হাসান ওই বাড়ির মৃত নুর আহমদ চৌধুরীর পুত্র।
জানা যায়, রাতে আবিদুল হাসান হঠাৎ অসুস্থ হলে রাহাত তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করে। সেখান থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে রাহাত এবং চমেক হাসপাতাল নেয়ার পথে আবিদুল হাসানের মৃত্যু হয়।
একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছে রাশেদ চৌধুরী নামে তাদের আরেকজন সহযাত্রী।
রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত সিএনজিটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেএইচআর