সাইফুল ইসলাম, মহেশপুর
নভেম্বর ২৬, ২০২৫, ০৮:২৮ পিএম
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিশেষ কৌশলে পরিচালিত অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে মহেশপুর থানা পুলিশ।
বুধবার বিকালে উপজেলার দুর্গাপুর পদ্মবিল ও বেগমপুর বাওড় এলাকায় ওসি মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সাধারণ কৃষক ও জেলে সেজে অবস্থান নেয়।
এ সময় পূর্ব থেকে ওঁত পেতে থাকা ডাকাত দলের সদস্য সোহেল ও আলীকে বিলের মাঝখান থেকে ধরে ফেলতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃত দু’জনের বাড়ি চুয়াডাঙ্গায়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি নজরুল ইসলাম। তিনি জানান, সম্প্রতি মহেশপুরের বিভিন্ন সড়কে সংঘটিত ডাকাতির ঘটনাগুলোর সঙ্গে এই চক্রটি সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি আরও বলেন, অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত আছে, এই ডাকাত দলের শেকড় সম্পূর্ণ উপড়ে ফেলা হবে। পুলিশের এই সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
ইএইচ