গোদাগাড়ী প্রতিনিধি
ডিসেম্বর ২৯, ২০২৫, ০৬:২৯ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
সোমবার সকাল ১১টায় তিনি রাজশাহী রিটার্নিং অফিসারের কার্যালয় এবং গোদাগাড়ী ও তানোর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল খালেক, জেলা সেক্রেটারি মো. গোলাম মুর্তজা, সহকারী সেক্রেটারি অধ্যাপক কামরুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য মো. তাইফুর রহমান ও মাওলানা মো. সিরাজুল ইসলাম। এ ছাড়াও গোদাগাড়ী উপজেলা আমির মাস্টার নুমান আলী, তানোর উপজেলা আমির মাওলানা মো. আলমগীর হোসেন ও গোদাগাড়ী পৌরসভার ভারপ্রাপ্ত আমির মো. শওকত আলীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় শত শত নেতা-কর্মী শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে মনোনয়নপত্র দাখিল কার্যক্রমে অংশ নেন।
মনোনয়নপত্র দাখিলের সময় অধ্যাপক মুজিবুর রহমান গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাদাত রত্নকে একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। তিনি কোনো প্রকার পক্ষপাতমূলক আচরণ না করে নির্বাচনী ময়দানে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য যে, অধ্যাপক মুজিবুর রহমান ইতিপূর্বে ১৯৮৬ সালের নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ সময় পর তার এই অংশগ্রহণকে কেন্দ্র করে রাজশাহী-১ সংসদীয় এলাকায় নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
ইএইচ