মেহেরপুর প্রতিনিধি
ডিসেম্বর ৩১, ২০২৫, ০৫:২৩ পিএম
মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে প্রসেনজিৎ হালদার নামের এক অনলাইন ক্যাসিনো এজেন্টকে আটক করা হয়েছে। আটক প্রসেনজিৎ মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের মধু হালদারের ছেলে।
মঙ্গলবার সন্ধ্যায় কোমরপুর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি বিশেষ টিম কোমরপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে।
প্রসেনজিৎ হালদার সম্প্রতি মেহেরপুরে দায়ের হওয়া নতুন সাইবার সুরক্ষা আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। এর পাশাপাশি ক্যাসিনো সংশ্লিষ্টতা ও অর্থ পাচারের অভিযোগে তার বিরুদ্ধে ঢাকা সিআইডির মানি লন্ডারিং ইউনিট বর্তমানে অনুসন্ধান চালাচ্ছে।
এ ছাড়াও ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলাও দায়ের করা হয়েছে।
এ বিষয়ে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, “নতুন সাইবার সুরক্ষা আইনে মেহেরপুর জেলায় দায়ের হওয়া প্রথম মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে প্রসেনজিৎ হালদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চলমান অন্যান্য মামলাগুলোতেও গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করা হবে।”
গ্রেপ্তারের সময় উদ্ধারকৃত আলামত সম্পর্কে জানতে চাইলে ওসি জানান, উদ্ধারকৃত সামগ্রী যাচাই-বাছাই করা একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। যাচাই সম্পন্ন হলে জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।
উল্লেখ্য, এর আগেও অনলাইন জুয়ার সাইট ও ক্যাসিনো এজেন্ট পরিচালনার অভিযোগে প্রসেনজিৎ হালদার গ্রেপ্তার হয়েছিলেন।
ইএইচ