কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
জানুয়ারি ২১, ২০২৬, ০১:১১ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা বাংলাদেশের ন্যায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় রাজনৈতিক অঙ্গনে বইছে নির্বাচনী হাওয়া। তারই ধারাবাহিকতায় কেন্দুয়া উপজেলায় যুবলীগ ও খেলাফত আন্দোলনের ১২ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
মঙ্গলবার রাতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, কেন্দুয়া-আটপাড়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালী তাদেরকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।
যোগদান অনুষ্ঠানে কেন্দুয়া উপজেলা খেলাফত আন্দোলনের সভাপতি হাফেজ মুফতি মাওলানা তরিকুল ইসলামের নেতৃত্বে ১১ জন এবং উপজেলার মোজাফারপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুর রুউফ বেপারীসহ মোট ১২ জন নেতাকর্মী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
বিএনপিতে নতুন যোগদানকারী হাফেজ মুফতি মাওলানা তরিকুল ইসলাম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা বিএনপিতে যোগদান করেছি। আমরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা করে যাব ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে নেত্রকোণা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীর্ষের নমিনি রফিকুল ইসলাম হিলালী নতুন যোগদানকারীদের স্বাগতম জানিয়ে বলেন, সারা বাংলাদেশে এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী হাওয়া বইছে। এমনি একটা সময়ে আপনারা বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছেন, যা বিএনপি তথা আমার নির্বাচনে সহায়ক ভূমিকা পালন করবে। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা একটি পরিবার গড়তে চাই। হিংসা ও বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে উন্নত ও সমৃদ্ধভাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
এএন