ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গোপালগঞ্জ-১ আসন: কারাগার থেকে কাবির মিয়ার ভোটের লড়াই

মেহের মামুন, মুকসুদপুর (গোপালগঞ্জ)

মেহের মামুন, মুকসুদপুর (গোপালগঞ্জ)

জানুয়ারি ২৩, ২০২৬, ০৩:৩৪ পিএম

গোপালগঞ্জ-১ আসন: কারাগার থেকে কাবির মিয়ার ভোটের লড়াই

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে ভোটের রাজনীতিতে বড় ধরনের চমক দেখা দিয়েছে। ঋণখেলাপির অভিযোগে বাতিল হওয়া গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী জেলবন্দি কাবির মিয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। 

আদালতের এই আদেশে নির্বাচনে অংশগ্রহণে তার সব আইনি বাধা দূর হওয়ায় কারাগারে থেকেও তিনি নির্বাচনী মাঠে ভোটের সমীকরণে নতুন করে উত্তাপ ছড়াচ্ছেন।

মঙ্গলবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ নির্বাচন কমিশনের পূর্বের সিদ্ধান্ত স্থগিত করে কাবির মিয়ার মনোনয়নপত্র গ্রহণ এবং তাকে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়ার নির্দেশ দেন। এর ফলে গোপালগঞ্জ-১ আসনে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেলেন।

এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং অফিসার কাবির মিয়াকে ঋণখেলাপি হিসেবে চিহ্নিত করে তার প্রার্থিতা বাতিল করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে (ইসি) আপিল করলেও দীর্ঘ শুনানি শেষে ইসি রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত বহাল রেখে তার আপিল খারিজ করে দেয়।

ইসির ওই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে কাবির মিয়া হাইকোর্টে রিট আবেদন করেন। শুনানিকালে তার পক্ষে আইনজীবীরা যুক্তি তুলে ধরেন যে সংশ্লিষ্ট ঋণসংক্রান্ত জটিলতা ইতোমধ্যে নিষ্পত্তি হয়েছে এবং আইন অনুযায়ী কাবির মিয়া ঋণখেলাপি নন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার যুক্তি গ্রহণ করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

কাবির মিয়া মুকসুদপুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততার কারণে এলাকায় তার একটি সুসংগঠিত ‘ভোটব্যাংক’ রয়েছে বলে স্থানীয়রা জানান।

রাজনৈতিক জীবনে নানা উত্থান-পতনের মধ্যেও সাধারণ মানুষের সঙ্গে তার সম্পর্ক দৃঢ় রয়েছে। তিনি একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ফারুক খানের সঙ্গে বিরোধ থাকার কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পাশাপাশি বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার কারণে এলাকায় তিনি একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত। বর্তমানে তিনি বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী আঞ্চলিক বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি এবং সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি।

উল্লেখ্য, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাবির মিয়া গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানের বিপক্ষে লড়ে প্রায় লক্ষাধিক ভোট পেয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনায় আসেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কাবির মিয়ার মনোনয়ন বৈধ হওয়ায় গোপালগঞ্জ-১ আসনের ভোটের সমীকরণ নতুন করে সাজানো হচ্ছে। তার অংশগ্রহণ এ আসনের নির্বাচনী লড়াইকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে পারে।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার মামলার আসামি হিসেবে কাবির মিয়া বর্তমানে কারাগারে রয়েছেন। গত বছরের ১৭ এপ্রিল ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে বিমানবন্দর সিভিল অ্যাভিয়েশন এলাকা থেকে গ্রেপ্তার করে।

ইএইচ

Link copied!