শরিফুল ইসলাম, রংপুর
ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৩:২৮ পিএম
রংপুরে নবম পে-স্কেলের গেজেট প্রকাশসহ সাত দফা দাবিতে বিক্ষোভ করেছেন সরকারি কর্মচারীরা। আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে দাবি মানা না হলে ৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে ‘ভূখা মিছিল’ করার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
রোববার ১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’ এর ব্যানারে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে জোটভুক্ত ৩৫টিরও বেশি সংগঠনের নেতারা সংহতি জানিয়ে বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা বলেন, ২০১৫ সালের পে-স্কেলের গেজেটে হরণ করা তিনটি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, বেতন জ্যেষ্ঠতা রক্ষা এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্রাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন করতে হবে। এ ছাড়া গ্রাচুইটির হার ৯০ শতাংশের পরিবর্তে ১০০ শতাংশ নির্ধারণের দাবি জানান তারা।
বক্তারা অভিযোগ করে বলেন, গত সাত বছর ধরে শান্তিপূর্ণ আন্দোলনের পরেও সরকার কর্মচারীদের দাবি আমলে নিচ্ছে না। গত ২১ জানুয়ারি কমিশন রিপোর্ট প্রদানের পর অর্থ উপদেষ্টা গেজেট প্রকাশ না করে কমিটি গঠনের নামে কালক্ষেপণ করছেন। জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক এক বক্তব্যে প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে বলেও তারা দাবি করেন।
কর্মসূচির ঘোষণা অনুযায়ী, দাবি আদায়ে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুই ঘণ্টাব্যাপী অবস্থান, বিক্ষোভ ও কর্মবিরতি পালন করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ৬ ফেব্রুয়ারি শুক্রবার ঢাকা অভিমুখে বড় ধরনের কর্মসূচির আল্টিমেটাম দেন নেতারা।
ইএইচ