বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৮:৪৮ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সলিমাবাদ বাজারে এ জনসভার আয়োজন করা হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. মহসিন।
তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট ও সর্বস্তরের জনগণের সমর্থন কামনা করেন।
মো. মহসিন বলেন, ভোটের অধিকার ২৪ জুলাই আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত হয়েছে। আপনারা ন্যায়নীতির পক্ষে থেকে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় সুনিশ্চিত করুন। আমি সলিমাবাদ ইউনিয়নের সন্তান ও কাছের মানুষ হিসেবে নীতি ও আদর্শের বাঞ্ছারামপুর গড়ে তোলার জন্য আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান রইল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছলিমাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. আলাউদ্দিন সাদি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাঞ্ছারামপুর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. মাহিমুর রহমান, সমাজসেবক সৈয়দ মো. জাহাঙ্গীর সিদ্দিক, বাঞ্ছারামপুর এনসিপি (নাগরিক পার্টি) এর প্রধান সমন্বয়কারী মো. মাইনুদ্দিন ও যুগ্ম সমন্বয়কারী মো. শামিম প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে দেশ ও এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামীর ভূমিকা তুলে ধরেন। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. এরশাদুল্লাহ।
ইএইচ