মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৩:০৭ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) সংসদীয় আসনের ১২৬টি ভোটকেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ কেন্দ্রগুলোতে ইতোমধ্যে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শেষ হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মির্জাপুর পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৪৩৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৮৭১ জন, নারী ভোটার ১ লাখ ৮৬ হাজার ৫৬০ জন এবং হিজড়া ভোটার ৬ জন।
এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী। তারা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল্লাহ এবনে আবুল হোসেন (দাঁড়িপাল্লা) এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টি মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন (হাতি)।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচন সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ প্রশাসন পুরোপুরি প্রস্তুত।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন জানান, প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সবগুলো কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
ইএইচ