মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৮:৫৮ পিএম
টাঙ্গাইলের মির্জাপুরে তাবলীগী মারকায মসজিদের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাওয়ার কুমারজানী খামারপাড়ায় তিনতলাবিশিষ্ট আধুনিক এ মসজিদ নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী সভায় মসজিদের খতিব মুফতি শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।
জানা যায়, উপজেলা সদরের বাওয়ার কুমারজানী খামারপাড়া এলাকায় ১ একর ৪২ শতাংশ জমির ওপর আধুনিক স্থাপত্যশৈলীর তিনতলাবিশিষ্ট এ মসজিদ নির্মাণ করা হবে। এটি সম্পন্ন করতে ব্যয় হবে প্রায় ১০ কোটি টাকা। মসজিদটিতে একসঙ্গে কয়েক হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এখান থেকে উপজেলাসহ সারাদেশের তাবলীগী দাওয়াতের কাজ পরিচালনা করা হবে।
তাবলীগ জামাতের দাওয়াতি কাজে নিয়োজিত দেশি-বিদেশি মুসল্লিদের রাত্রিযাপনের পাশাপাশি এখানে গাড়ি পার্কিংয়ের সুবিধাও রাখা হয়েছে। এ মসজিদ নির্মাণে মূল্যবান জমি দান করেছেন উপজেলার মহেড়া ইউনিয়নের গোড়াকী গ্রামের মুফতি আব্দুল গফুর।
ইএইচ