লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৬:৩৮ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নড়াইলের লোহাগড়ায় বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী কায়সারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়াইলের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ আবদুল ছালাম।
সভায় নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, ভোটারদের নিরাপদে ভোটকেন্দ্রে যাতায়াত নিশ্চিত করা এবং নাশকতা ও সহিংসতা প্রতিরোধে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।
বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন, সেনাবাহিনীর লে. কর্নেল মাসুদ রানা, বিজিবির অধিনায়ক লে. কর্নেল খন্দকার আবু সহল আব্দল্লা, নড়াইলের পুলিশ সুপার আল মামুন শিকদার, র্যাব-৬-এর স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুস ছালেক ও লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আবু হায়াত সাবু, লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরাদুজ্জামান ও সাংবাদিক সরদার রইচ উদ্দিন টিপু প্রমুখ।
সভায় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের প্রধান ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়ে তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।
ইএইচ