ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
জুলাই ১৮, ২০২৬, ০৭:৫৫ পিএম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ উপলক্ষে ঘিওর উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির কাছ থেকে স্থানীয় ৪৫০ জন সাধারণ মানুষ ও নেতাকর্মী বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা গ্রহণ করেন।
ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, ঘিওর উপজেলা বিএনপির সহসভাপতি মো. আবু কাওসার রেজা, অ্যাডভোকেট আব্দুল আলিম খান মনোয়ার, সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টার, যুগ্ম সম্পাদক জানে আলম, সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূঁইয়া, মিজানুর রহমান খান কুদরত, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কামরুল হাসানসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। এই সবুজ বিপ্লব সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে ঘিওর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এম জি