রাকিবুল হাসান, রাজশাহী
ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৬:৪৪ পিএম
রাজশাহীতে পৃথক দুটি সফল অভিযান চালিয়ে ২৪টি ককটেল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব-৫।
মঙ্গলবার ভোরে ও রাতে শহরের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৫ এর একটি দল ভোর ৫টার দিকে রাজশাহী উত্তর ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় অভিযান চালায়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, নির্বাচনকে সামনে রেখে নাশকতার উদ্দেশ্যে এগুলো মজুত করা হয়েছিল।
একই রাতে র্যাবের অন্য একটি দল পুঠিয়া উপজেলার বানেশ্বর পোল্লাপুকুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে ৪০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে রামদা, হাসুয়া, ছুরি, কুঠার ও হ্যামার।
মঙ্গলবার বিকেলে র্যাব-৫ এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। র্যাব জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাধাগ্রস্ত করতেই এই বিশাল অস্ত্র ও বিস্ফোরক মজুত করা হয়ে থাকতে পারে।
উদ্ধারকৃত ককটেল ও অস্ত্রগুলো আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৫ এর কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তাদের গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে।
নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র্যাবের এমন বিশেষ অভিযান আরও জোরদার করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
জেএইচআর