আলী রেজা রাজু, সাভার
ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৯:৫৭ এএম
সাভারের আশুলিয়ায় পৃথক দুটি ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে বিএনপির ১৩ নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ধামসোনা ইউনিয়নের নতুন নগর ও নলাম এলাকায় এই অভিযান চালানো হয়। আটককৃতদের পরে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী সূত্র জানায়, রাত সাড়ে ১২টার দিকে ধামসোনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নতুন নগর নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে একদল দুর্বৃত্ত প্রবেশের চেষ্টা চালায়। সেনাবাহিনীর টহল দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে সেখান থেকে ৯ জনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই ওই আসনের বিএনপি প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সমর্থক।
একই সময়ে ধামসোনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নলাম ভোটকেন্দ্রে পৃথক অভিযান চালায় যৌথবাহিনী। সেখান থেকে আরও ৪ জনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, আটককৃত ব্যক্তিরা ওই কেন্দ্রের নিয়ন্ত্রণ নেওয়ার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। এই নিয়ে আশুলিয়ায় দুই অভিযানে মোট ১৩ জন আটক হলেন।
আশুলিয়া থানার ডিউটি অফিসার এসআই সায়মন শেখ জানান, সেনাবাহিনী রাতে আটককৃতদের থানায় হস্তান্তর করেছে। বর্তমানে তারা পুলিশি হেফাজতে রয়েছে। আটককৃতদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়া এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সমন্বিত টহল অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক এবং শান্ত রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
জেএইচআর