রাকিবুল হাসান, রাজশাহী
ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৮:০৪ পিএম
রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে সোনাদীঘি মোড়স্থ রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম বজলুর রশীদ।
এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং রাসিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকেও শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল আল মঈন, বাজেট ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নুর-ই-সাঈদ, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, নিলুফার ইয়াসমিন, সুব্রত কুমার সরকার, এবিএম আসাদুজ্জামানসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং রাসিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. শাকিল ও সাধারণ সম্পাদক মো. সানারুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগর ভবনসহ ওয়ার্ড কার্যালয় ও সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রিত সকল স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। পাশাপাশি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক দ্বীপ ও স্থানে বাংলা বর্ণমালাসংবলিত পতাকা দিয়ে সজ্জিত করা হয়।
এ ছাড়া বাদ যোহর সোনাদীঘি জামে মসজিদসহ নগরীর সকল মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।
জেএইচআর