পাবনা প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৫:২৮ পিএম
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে এই মারামারির ঘটনা ঘটে। এতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অমিত কবিরাজ আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে নারীঘটিত একটি বিষয় নিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে অমিত কবিরাজ ও মেহেদীর মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে ছাত্রদল সভাপতি মুজাহিদ হোসেনের অনুসারীরা দুই গ্রুপে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপুর ১টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়ার এই ঘটনা ঘটে।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদুল হক ও প্রক্টর কামরুজ্জামান খান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর আহত শিক্ষার্থী অমিত কবিরাজকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
জেএইচআর