উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৯:৫৫ পিএম
উজিরপুর উপজেলা-এ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার বিকেল তিনটার দিকে উপজেলার চাউলাহার গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সেকেন্দার হোসেন হাওলাদার (৬০) চাউলাহার গ্রামের বাসিন্দা ও আব্দুল মোতাহার হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিষ্টি কুমড়োর গাছ ছাগলে খাওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বড় ভাই মোশারেফ হোসেন হাওলাদারের ছেলে আকতার হোসেন ঘটনাস্থলে এসে চাচা সেকেন্দার হোসেনকে ধাক্কা দেন। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে উজিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. রকিবুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এএন