সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী)
মার্চ ৪, ২০২৬, ০৪:০৯ পিএম
রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা প্রশাসনের সমন্বয় সভায় মাটিখেকো, মাদক কারবারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি প্রদান করেন।
বক্তব্য চলাকালীন এক চাঞ্চল্যকর মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, "যারা আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে এসেছেন, তাঁদের মধ্যে অনেকেই মাদকের সাথে জড়িত আছেন। এমনকি যারা হাততালি দিয়ে সহমত জানাচ্ছেন, তাঁদের মধ্যেও মাদক ব্যবসায়ী রয়েছেন।" তিনি অপরাধীদের সাত দিনের আল্টিমেটাম দিয়ে বলেন, এই সময়ের মধ্যে মাদক ও চাঁদাবাজি না ছাড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী নিজের দলের লোক হলেও কোনো ছাড় দেওয়া হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, রাজবাড়ী জেলাকে মাদকমুক্ত করতে ইতিমধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে। প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, নদীতে অবৈধ বালু ও মাটি কাটা বন্ধ করতে কঠোর অভিযান পরিচালনা করতে হবে। একই সঙ্গে হাসপাতালের দালাল মুক্ত পরিবেশ এবং মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী শিক্ষকদের সংকট নিরসন ও শিক্ষার মান বৃদ্ধিতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়া রাজবাড়ী জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয়, নৌবন্দর, ক্যান্টনমেন্ট এবং রেলওয়ে ওয়ার্কশপ নির্মাণের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ আমাদের নির্বাচনী অঙ্গীকার, যা বাস্তবায়নে কাজ চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান এবং গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. মমিনুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
জেএইচআর