মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মার্চ ৬, ২০২৬, ১২:১৮ পিএম
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এস.এম জাহিদুর রহমান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোড়াই-সখিপুর সড়কের সৈয়দপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আজ সকালে মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সৈয়দপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরোহী জাহিদুর রহমান প্রাণ হারান। নিহত জাহিদুর টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকার ইসকান্দার আলীর ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে আসেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে।
মির্জাপুরের দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাদিকুর রহমান বলেন, সকালে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠাই। ঘাতক ট্রাকটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জেএইচআর