বরিশাল প্রতিনিধি
মার্চ ৬, ২০২৬, ০৪:৪৯ পিএম
বরিশালের বাজারে এখন আলোচনার কেন্দ্রে বিশালাকৃতির ‘লিবিয়ান মিষ্টি কুমড়া’। এক একটি কুমড়ার ওজন ৪০ থেকে ৬০ কেজি, কোনোটি আবার দেড় থেকে দুই মনের কাছাকাছি। তবে অবাক করা বিষয় হলো, মানুষ কুমড়ার চেয়ে এর বীজ কিনতেই বেশি ভিড় জমাচ্ছে। প্রতি হালি (৪টি) বীজ বিক্রি হচ্ছে ২০ টাকায়।
শুক্রবার বরিশাল নগরীর ১০ নং ওয়ার্ডের ভাটারখালসহ বিভিন্ন এলাকায় ভ্যানগাড়িতে করে এই কুমড়া ও এর বীজ বিক্রি করতে দেখা যায়। পাথরঘাটার গৌরিচন্না এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান এই বিশেষ জাতের কুমড়া চাষ করেছেন। লিবিয়া প্রবাসী এক আত্মীয়ের কাছ থেকে বীজ সংগ্রহ করে কৃষি কর্মকর্তাদের পরামর্শে তিনি এই বিশাল ফলন ঘরে তুলেছেন।
চাষি মোস্তাফিজুর রহমান জানান, বিশাল আকৃতির এই কুমড়াগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও সুস্বাদু। তবে সাধারণ মানুষের আগ্রহ কুমড়ার বীজের দিকেই বেশি। সুযোগ বুঝে তিনি ৪টি বীজ ২০ টাকা এবং ১২টি বীজ ৫০ টাকা দরে বিক্রি করছেন। বরিশালের রাস্তায় রাস্তায় এই বিশাল কুমড়া দেখতে যেমন উৎসুক জনতার ভিড় জমছে, তেমনি শৌখিন চাষিরা বীজ সংগ্রহে বেশ আগ্রহ দেখাচ্ছেন।
কৃষি বিজ্ঞানীদের মতে, মিষ্টি কুমড়া সবজি পরিবারের অন্যতম বড় অংশ। দেশে উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাতের কুমড়া চাষ হলেও লিবিয়ান এই জাতটি ওজনে ও ফলনে অনন্য। সাধারণ হাইব্রিড কুমড়ার গড় ওজন ৫০ কেজি এবং হেক্টর প্রতি ফলন ৩০-৪৯ টন হয়ে থাকে।
মাঠ পর্যায়ের কৃষিবিদদের ধারণা, বৈজ্ঞানিক পদ্ধতিতে আবাদ করা হলে লিবিয়া থেকে আনা এই জাতের মিষ্টি কুমড়া হেক্টর প্রতি ১৫০ থেকে ২০০ টনের বেশি ফলন দিতে সক্ষম। লিবিয়ান এই কুমড়ার সাফল্য বরিশালের উপকূলীয় অঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জেএইচআর