আন্তর্জাতিক ডেস্ক
জুলাই ২০, ২০২৬, ০৭:৪১ পিএম
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নাম। দলীয় নেতৃত্বে পরিবর্তনের পর তিনি বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে সরকার গঠনের আমন্ত্রণ গ্রহণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর ফলে গত এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নাম।
সোমবার বাকিংহাম প্যালেসে অনুষ্ঠিত বৈঠকে রাজা তৃতীয় চার্লস তাকে সরকার গঠনের আহ্বান জানান বলে জানিয়েছে বিবিসি। পরে এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস জানায়, রাজা তৃতীয় চার্লসের প্রস্তাব গ্রহণ করে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেছেন অ্যান্ডি বার্নাম।
দায়িত্ব গ্রহণের পর লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া প্রথম ভাষণে বার্নাম বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে যুক্তরাজ্যকে নতুন পথে এগিয়ে নেওয়াই তার সরকারের প্রধান লক্ষ্য। তিনি জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবিলা, জনগণের আস্থা পুনরুদ্ধার এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে চলতি বছরের শেষ দিকে ১০ বছরের একটি জাতীয় পরিকল্পনা উপস্থাপনের ঘোষণা দেন তিনি।
নতুন প্রধানমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে গৃহহীনতা কমানো, সরকারি আবাসন নির্মাণ বৃদ্ধি এবং জনসেবার মানোন্নয়ন। এছাড়া দেশের রাজনৈতিক সংস্কৃতিকে আরও দায়িত্বশীল, জবাবদিহিমূলক এবং স্থিতিশীল করার বিষয়টিকেও তিনি তার সরকারের অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।
এদিকে বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নতুন সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, অ্যান্ডি বার্নামের নেতৃত্বে যুক্তরাজ্য আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদী।
সূত্র: বিবিসি
এএন