রাকিবুল হাসান, রাজশাহী
জুলাই ২০, ২০২৬, ০৬:৫৩ পিএম
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে রাজশাহী এডিটরস ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
সভায় রাজশাহী এডিটরস ফোরামের নেতারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিদ্যমান বিভিন্ন সুবিধা-অসুবিধা ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। এর পাশাপাশি রাজশাহী মহানগরীর ট্রাফিক জ্যাম, ফুটপাত দখল, অটোরিকশার আধিক্য, মাদক ও জুয়ার বিস্তার, সড়কে যত্রতত্র নির্মাণসামগ্রী ফেলে রাখা এবং কিশোর গ্যাংসহ বিভিন্ন জনভোগান্তির বিষয়ে সুনির্দিষ্ট মতামত ও পরামর্শ উপস্থাপন করেন।
পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির সাংবাদিকদের উত্থাপিত সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের এসব যৌক্তিক সমস্যার দ্রুত, কার্যকর ও টেকসই সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, ‘গণমাধ্যম ও পুলিশের পারস্পরিক সহযোগিতা এবং সমন্বিত প্রচেষ্টা জনসচেতনতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা ও আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ এ ধরনের মতবিনিময় সভা পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সুসম্পর্ক আরও জোরদার করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উন্মুক্ত আলোচনা পর্বে রাজশাহী এডিটরস ফোরামের পক্ষে বক্তব্য দেন সংগঠনের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সহসভাপতি ও আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, সাধারণ সম্পাদক ও রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, কোষাধ্যক্ষ ও দৈনিক সানশাইনের সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক ও গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার এবং নির্বাহী সদস্য দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত ও উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম।
সভায় আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) পদে কর্মরত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম (পিপিএম), উপ-পুলিশ কমিশনার (ডিবি) হিসেবে কর্মরত অতিরিক্ত ডিআইজি মো. মনিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী, উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র মো. গাজিউর রহমান (পিপিএম)।
জেএইচআর