আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)
মার্চ ৮, ২০২৬, ০৫:৩১ পিএম
টাঙ্গাইলের মধুপুর পৌরশহরের বানী সিনেমা হলের সামনে থেকে ব্যাটারি চালিত ইজিবাইক (অটো) চুরির ঘটনার রহস্য উদঘাটনসহ চোরকে গ্রেপ্তার করেছে মধুপুর থানা পুলিশ।
জানা যায়, শনিবার (০৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে মধুপুর পৌরশহরের বানী সিনেমা হলের সামনে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ওপর থেকে অজ্ঞাতনামা চোরেরা একটি ইজিবাইক চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া ওই অটোর বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৩০ হাজার টাকা।
চুরির ঘটনার পর অটোর মালিক মো. আলামিন হোসাইন বাদী হয়ে মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) আরিফুল ইসলাম এবং মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর ইকবালের নেতৃত্বে এসআই সেলিম সিকদারসহ পুলিশের একটি বিশেষ টিম তদন্তে নামে।
রোববার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘাটাইল উপজেলার পোড়াবাড়ী বাজারের মিজানের গ্যারেজ থেকে অভিযুক্ত মিজানুর রহমানকে (৩৮) গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে চুরি হওয়া লাল রঙের ইজিবাইকটি উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মিজানুর রহমান ঘাটাইল উপজেলার চকপাকুটিয়া গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর ইকবাল জানান, গ্রেপ্তারকৃত মিজানুর রহমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জেএইচআর