বগুড়া প্রতিনিধি
মার্চ ৮, ২০২৬, ০৮:৫৪ পিএম
বগুড়ার শিবগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
রোববার সকালে অনুষ্ঠানের শুরুতে শিবগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এরপর তিনি উপজেলা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং পরে নারী উন্নয়ন ও ক্ষমতায়ন শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আগামী চার বছরের মধ্যে দেশের ৪ কোটি পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দিবে বিএনপি সরকার। এই কার্ডসহ সরকারের অন্যান্য সকল সুযোগ-সুবিধা কোনো টাউট-বাটপারের মাধ্যম ছাড়া সম্পূর্ণ বিনামূল্যে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। সাধারণ মানুষকে এসব সুবিধা নিতে কোনো প্রতারকের পাল্লায় না পড়ার আহ্বান জানান তিনি।
নারী শিক্ষার অগ্রগতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী আরও বলেন, নারী শিক্ষায় বর্তমান সরকার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। স্কুল ড্রেস ও বই থেকে শুরু করে নারীদের ডিগ্রি পর্যন্ত পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে করার ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী নারীদের কল্যাণে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের কথা তুলে ধরেন।
জেএইচআর