রুবেল হোসেন মিয়া, বালিয়াকান্দি (রাজবাড়ী)
মার্চ ৮, ২০২৬, ০৮:৫৯ পিএম
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে খাদ্যদ্রব্য ও জ্বালানি তেলের মান এবং মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে।
রোববার বিকেল ৪টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন এই অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে জামালপুর বাজারের মিষ্টি ও ইফতার সামগ্রীর দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ‘রাখি সুইটস’-এর ফেরদৌস (১৯) এবং ‘শিকদার সুইটস’-এর মো. বসির শিকদারকে (২৬) দুটি পৃথক মামলায় মোট ৮,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
একই অভিযানে বালিয়াকান্দি উপজেলার একমাত্র পেট্রোল পাম্প এবং বাজারের বিভিন্ন জ্বালানি তেলের দোকানগুলো পরিদর্শন করেন ম্যাজিস্ট্রেট। এ সময় সরকারি নির্দেশনা যথাযথভাবে পালন এবং দোকানে আবশ্যিকভাবে তেলের মূল্য তালিকা প্রদর্শনের জন্য ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন জানান, রমজান মাসে ইফতার সামগ্রীর মান নিশ্চিত করা এবং জ্বালানি তেলের সঠিক মূল্য বজায় রাখতে এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধে প্রশাসনের কড়া নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
জেএইচআর