আমার সংবাদ ডেস্ক
মার্চ ৯, ২০২৬, ০৪:০০ পিএম
বিএনপি নেতার করা চাঁদাবাজির মামলায় বগুড়ার শাহজাহানপুর থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩–এর বিচারক আবুহেনা সিদ্দিকী এ আদেশ দেন। আদালতের সমন অনুযায়ী হাজিরা দিতে এলে শুনানি শেষে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পরে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি শাহজাহানপুর থানার তৎকালীন ওসি আলমগীর হোসেন বিএনপি নেতা ফজলুল হক উজ্জ্বলের গাড়ি ধাওয়া করে আটক করেন। পরে থানায় নিয়ে তাকে ‘ক্রসফায়ারের’ ভয় দেখিয়ে ৫ লাখ টাকা দাবি করা হয়। অভিযোগে বলা হয়, বাধ্য হয়ে তার স্ত্রী ও এক সহকর্মীর মাধ্যমে ওই টাকা দেওয়া হলেও পরে তাকে একটি অজ্ঞাত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
ঘটনার প্রায় এক দশক পর, ২০২৬ সালের ২৫ ফেব্রুয়ারি জেলা বিএনপির সাবেক সহপ্রশিক্ষণ সম্পাদক ও শাহজাহানপুর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুল হক উজ্জ্বল আদালতে চাঁদাবাজির মামলা করেন। আদালত মামলাটি তদন্তের দায়িত্ব দেন শাহজাহানপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুরকে। তদন্ত শেষে তিনি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বগুড়া আদালতের কোর্ট পরিদর্শক শহিদুল ইসলাম জানান, আদালতের নির্দেশ অনুযায়ী আলমগীর হোসেন হাজিরা দিতে এলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মামলার বাদী ফজলুল হক উজ্জ্বল বলেন, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু পুলিশ কর্মকর্তা বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন ও চাঁদাবাজি চালিয়েছিলেন। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন, যাতে ভবিষ্যতে কেউ ক্ষমতার অপব্যবহার করার সাহস না পায়।
এএন