মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
মার্চ ১১, ২০২৬, ০১:৫৫ পিএম
আসন্ন ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় মহেশপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।
তিনি বলেন, দেশের ইতিহাস ও স্বাধীনতার গৌরবময় অধ্যায় নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো যথাযথ মর্যাদা ও ব্যাপক জনসম্পৃক্ততার মধ্য দিয়ে পালন করা প্রয়োজন। তিনি আরও বলেন, গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবসের তাৎপর্য সম্পর্কে তরুণ সমাজকে সচেতন করতে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে সম্পৃক্ত করে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা করা হয়। এর মধ্যে রয়েছে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কুচকাওয়াজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, দোয়া মাহফিল এবং বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কর্মসূচি।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, জাতীয় দিবসগুলো কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে এর প্রকৃত তাৎপর্য মানুষের কাছে পৌঁছে দিতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস, দেশের স্বাধীনতার জন্য ত্যাগ ও সংগ্রামের কথা জানাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এজন্য উপজেলা প্রশাসনের নেওয়া কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এএন