মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মার্চ ১২, ২০২৬, ০৫:১০ পিএম
টাঙ্গাইলের মির্জাপুরে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। বুধবার সকালে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুড়িহাটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে বখাটে রাতিনসহ ৪ জনকে আসামি করে মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন- বুড়িহাটি গ্রামের রাতিন (২২), সোহাগ (২০), রাজেদা বেগম (৪০) ও কেয়ামত মুন্সী।
অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার সকালে ওই ছাত্রী বুড়িহাটি উচ্চ বিদ্যালয়ে প্রাইভেট পড়তে যায়। পড়া শেষে বাড়ি ফেরার পথে অভিযুক্ত কেয়ামত মুন্সীর নির্দেশে রাতিন ও সোহাগসহ আরও কয়েকজন তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। ঘটনার পর ছাত্রীর মা অভিযুক্তদের বাড়িতে গেলে তারা তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়।
ভুক্তভোগী ছাত্রীর মা জানান, তাঁর স্বামী প্রবাসে থাকায় তিনি এক ছেলে ও মেয়েকে নিয়ে বাড়িতে থাকেন। বখাটে রাতিন ও তার বন্ধুরা দীর্ঘদিন ধরে মেয়েকে উত্যক্ত করে আসছিল। বিষয়টি রাতিনের পরিবারকে জানিয়েও কোনো প্রতিকার পাননি তিনি। তিনি দ্রুত মেয়েকে উদ্ধার ও জড়িতদের শাস্তি দাবি করেছেন।
এ বিষয়ে মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগ পাওয়ার পরপরই অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে।
জেএইচআর