পঞ্চগড় প্রতিনিধি
মার্চ ১৪, ২০২৬, ১২:৪২ এএম
বিএনপি নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ইশতেহার বাস্তবায়ন শুরু করেছে এবং এরই মধ্যে ২৮ হাজার ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।
শুক্রবার পঞ্চগড়ের বোদা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। পাশাপাশি সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন কার্যক্রমও চলমান রয়েছে। কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হচ্ছে।
তিনি আরও জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের বিশেষ ভাতা প্রদান করা হবে। এছাড়া আগামী ১৪ এপ্রিল থেকে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু হবে বলেও তিনি ঘোষণা দেন।
বোদা পাইলট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ।
এছাড়াও পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আলম মারুফ অনু ও আরিফ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌর বিএনপির নেতাকর্মী, আমন্ত্রিত অতিথি এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইফতার মাহফিলটি সম্পন্ন হয়।
জেএইচআর