কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
মার্চ ১৬, ২০২৬, ০২:২৫ পিএম
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইমন মিয়া (২০) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের আচমিতা জর্জ ইনস্টিটিউশন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমন মিয়া আচমিতা ইউনিয়নের দক্ষিণ আচমিতা এলাকার হানিফ মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর ইমন মিয়াকে গুরুতর আহত ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। দ্রুত তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ইমনের এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের মাতম চলছে।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঠিক কীভাবে বা কোন যানবাহনের চাপায় এই দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
জেএইচআর