সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী)
মার্চ ১৭, ২০২৬, ০৪:৪৩ পিএম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) সুলতানা আক্তার।
মঙ্গলবার দুপুরে তিনি বাস টার্মিনাল, ফেরি ও লঞ্চ ঘাট এলাকার সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন।
ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক রাখতে এই পরিদর্শনের আয়োজন করা হয়। এ সময় জেলা প্রশাসক যাত্রীদের সেবার মান বাড়াতে এবং ঘাটের শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। বিশেষ করে টিকিট ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতির ওপর তিনি জোর দেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. মমিনুল ইসলাম এবং নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা।
জেলা প্রশাসক সুলতানা আক্তার সাধারণ যাত্রী ও ব্যবসায়ীদের সাথে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। এছাড়া পরিবহন সেক্টরে দায়িত্বরত ব্যক্তিদের তালিকা ও মোবাইল নম্বর প্রশাসনের কাছে জমা দেওয়ার নির্দেশ দেন তিনি, যাতে যেকোনো প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
জেএইচআর