মিরাজ আহমেদ, মাগুরা
এপ্রিল ৪, ২০২৬, ০৪:৪৮ পিএম
মাগুরার মহম্মদপুর উপজেলায় আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নতুন ডাকবাংলো ‘মহম্মদপুর’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে আধুনিক অবকাঠামো উন্নয়নের যে ধারাবাহিকতা চলছে, এই ডাকবাংলোটি তার একটি অংশ। এর ফলে সরকারি কার্যক্রম পরিচালনা সহজতর হবে এবং মহম্মদপুরে আগত অতিথিদের জন্য মানসম্মত আবাসন সুবিধা নিশ্চিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান। তিনি বলেন, মহম্মদপুরে এই ধরনের আধুনিক স্থাপনা নির্মাণ স্থানীয় উন্নয়নকে আরও গতিশীল করবে এবং প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ এবং জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। তারা উল্লেখ করেন যে, আধুনিক ডাকবাংলো নির্মিত হলে জেলার সার্বিক সেবার মান বৃদ্ধি পাবে এবং সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে বাড়তি সুবিধা সৃষ্টি হবে।
এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, এই প্রকল্পের মাধ্যমে মহম্মদপুর উপজেলার অবকাঠামোগত উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং জনসেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
জেএইচআর