ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গুরুদাসপুরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন, ২০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

এপ্রিল ৭, ২০২৬, ০৪:১৯ পিএম

গুরুদাসপুরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন, ২০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা

নাটোরের গুরুদাসপুর উপজেলায় শত্রুতার জেরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত চাষি মো. জামিনুর রহমান (৫৩)।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খুবজীপুর ইউনিয়নের বাসিন্দা জামিনুর রহমান দীর্ঘদিন ধরে নিজস্ব পুকুরে রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প ও তেলাপনিয়াসহ বিভিন্ন কার্প জাতীয় এবং গুলশা, টেংরা ও পাবদা মাছ চাষ করে আসছিলেন। গত ২৯ মার্চ রাত পর্যন্ত পুকুরের মাছগুলো স্বাভাবিক ছিল।

তবে পরদিন ৩০ মার্চ ভোরে তিনি পুকুরে গিয়ে দেখতে পান, অধিকাংশ মাছ মরে ভেসে উঠেছে। বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ১০০ মণ মাছ মারা গেছে, যার বাজারমূল্য আনুমানিক ১৫ থেকে ২০ লাখ টাকা।

ভুক্তভোগী চাষি জামিনুর রহমান বলেন, পরিকল্পিতভাবে আমার পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করা হয়েছে। এতে আমি আর্থিকভাবে পথে বসার উপক্রম হয়েছি। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ ঘটনায় তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গুরুদাসপুর থানার ওসি (তদন্ত) মো. আকবর আলী বলেন, মাছ নিধনের বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত চাষি সহায়তার জন্য আবেদন করেছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, গুরুদাসপুর মাছ উৎপাদনের জন্য একটি গুরুত্বপূর্ণ অঞ্চল; তাই এ ধরনের অপরাধ রোধে চাষিদের আরও সচেতন ও সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয়দের দাবি, যারা এ ধরনের জঘন্য কাজ করে কৃষকের স্বপ্ন ভেঙে দিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।

জেএইচআর

Link copied!