রাজশাহী প্রতিনিধি
এপ্রিল ১০, ২০২৬, ০২:৪২ পিএম
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ৪টি শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে শুধুমাত্র এই হাসপাতালেই একই উপসর্গে প্রাণ হারিয়েছে ৫০ জন শিশু। উদ্বেগের বিষয় হলো, প্রতিদিনই নতুন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে।
হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস জানান, বর্তমানে রামেক হাসপাতালে ১৩২ জন রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭ জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন। পরিসংখ্যান অনুযায়ী, চলতি মৌসুমে এখন পর্যন্ত মোট ৪৭৯ জন রোগী হামের উপসর্গ নিয়ে এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
গত এক সপ্তাহের তথ্যে দেখা যায়, প্রতিদিন গড়ে এক থেকে চারজন শিশুর মৃত্যু হচ্ছে। চিকিৎসকরা বলছেন, জ্বর, শরীরে ফুসকুড়ি, কাশি এবং চোখ লাল হওয়ার মতো লক্ষণ দেখা দিলে কোনোভাবেই অবহেলা করা যাবে না। শিশুদের ক্ষেত্রে এই রোগের ঝুঁকি সবচেয়ে বেশি হওয়ায় আক্রান্ত হওয়ার সাথে সাথেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা প্রয়োজন। আক্রান্ত শিশুদের অন্যদের থেকে আলাদা রাখা এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই কার্যকর ও সমন্বিত পদক্ষেপ না নিলে সংক্রমণের মাত্রা আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জেএইচআর