পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
এপ্রিল ২৩, ২০২৬, ০২:১৪ পিএম
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আতকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশন থেকে ১০৫০ লিটার ডিজেল অবৈধভাবে পাচারের সময় জব্দ করেছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে পাচারের এই চেষ্টা নস্যাৎ করে দেওয়া হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জ্বালানি তেলসহ জড়িতদের আটক করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি কাভার্ডভ্যানে ৫টি ড্রামে ভরা প্রায় ১০০০ লিটার এবং একটি পিকআপ ভ্যানে ৫০ লিটার ডিজেল ময়মনসিংহের উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা গাড়ি দুটিকে আটক করে পুলিশে খবর দেয়। অভিযোগ রয়েছে, এই ফিলিং স্টেশন থেকে প্রায়ই রাতের অন্ধকারে গোপনে জ্বালানি তেল পাচার করা হয়।
খবর পেয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলামের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ পাচারকাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটি (ঢাকা মেট্রো-অ, ১১-৫৭৯০) তল্লাশি করে ১০৫০ লিটার ডিজেল উদ্ধার করে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছোটন মিয়া (৩৫), শামীম আহমেদ (৪০) ও মফিজুল ইসলাম (৩৫) নামে তিনজনকে আটক করা হয়।
সকাল ৯টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) তাসনিম জাহান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পেট্রোলিয়াম আইন ২০১৬-এর ২০ ধারা অনুযায়ী অবৈধভাবে জ্বালানি পাচারের দায়ে ফিলিং স্টেশনের ম্যানেজার হাসান (৩৭)-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আদালত আটককৃত তিনজনকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন এবং জব্দকৃত ডিজেল স্থানীয় একটি খাল খনন প্রকল্পে হস্তান্তরের ব্যবস্থা করেন।
গিরিপথ ফিলিং স্টেশনের বিরুদ্ধে এর আগেও অনিয়মের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার ও বুধবার ফুয়েল কার্ড ছাড়াই পেট্রোল বিক্রির বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনা শুরু হয়। যদিও পাম্প ম্যানেজারের দাবি ছিল, একদল লোক ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তেল নিয়ে গেছে, তবে প্রশাসনের প্রাথমিক তদন্তে ম্যানেজারের সংশ্লিষ্টতা ও অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।
জ্বালানি পাচারের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল কৃষি ও পরিবহন খাতে জ্বালানি সংকট রোধে পাম্পগুলোর ওপর প্রশাসনের কঠোর নজরদারি বজায় রাখার দাবি জানিয়েছেন।
জেএইচআর