মেহেরপুর প্রতিনিধি
মে ৪, ২০২৬, ০৮:২৩ পিএম
মাদক ব্যবসায়ী স্বামীকে ছেড়ে দিয়ে তার স্ত্রীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ১২৪ পিস ইয়াবাসহ নাসরিন আক্তার নামের ওই নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে। রোববার রাতে মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার নাসরিন আক্তার বেতবাড়ীয়া গ্রামের অভিযুক্ত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনের প্রথম স্ত্রী।
গাংনী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি অভিযান দল মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনের বাড়িতে ইয়াবা বিক্রির সময় নাসরিন আক্তারকে ১২৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। একই সঙ্গে নগদ ১ লাখ ২০ হাজার ৭৬৬ টাকা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার (৪ মে) দুপুরে নাসরিন আক্তারকে মেহেরপুর আদালতে সোপর্দ করেছে গাংনী থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় বেতবাড়ীয়া গ্রামে অভিযুক্ত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। নিজ ঘরে ইয়াবা বিক্রির সময় জাহাঙ্গীরকে আটক করা হয়। আইনি কার্যক্রম চলাকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং শ্বাসকষ্ট দেখা দেয়। পরে পুলিশ সদস্যরা তাকে অক্সিজেন সাপোর্ট দেন।
এ সময় জাহাঙ্গীরের অসুস্থতার পর তার দ্বিতীয় স্ত্রীকে গ্রেপ্তারের চেষ্টা করা হয়। তবে তিনি নিজেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন বলে দাবি করেন। পরে প্রথম স্ত্রী নাসরিন আক্তারকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।
অভিযান শেষে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর জাহাঙ্গীর হোসেনকে আবার স্বাভাবিকভাবে চলাফেরা করতে দেখা যায় বলে স্থানীয়রা জানান।
এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, অভিযানের সময় কোনো আসামি অসুস্থ হলে তাকে পুলিশের হেফাজতে চিকিৎসা দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু স্বামীকে ছেড়ে স্ত্রীকে গ্রেপ্তার করা নিয়ে প্রশ্ন উঠেছে।
অভিযানের বিষয়ে জানতে গাংনী থানার এসআই শিমুল মালিথার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম বলেন, স্বামী-স্ত্রী উভয়েই মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
এএন