রাজবাড়ী প্রতিনিধি
মে ৭, ২০২৬, ০৬:৫৪ পিএম
রাজবাড়ীর পাংশা উপজেলার বিভিন্ন হাট-বাজারে কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ে ‘ধলতা’ বা ‘শুকনা’ প্রথার নামে অতিরিক্ত পণ্য আদায় রোধে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ের সময় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগী ওজনের ক্ষেত্রে ধলতা বা শুকনা প্রথার অজুহাতে কৃষকদের বাধ্য করে প্রতি ৪০ কেজিতে ২ থেকে ৩ কেজি পর্যন্ত অতিরিক্ত পণ্য গ্রহণ করছেন। দীর্ঘদিনের এই প্রথা কৃষকদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে, যা সম্প্রতি সরকারের কৃষি বিপণন অধিদপ্তরের নজরে এসেছে।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হকের সভাপতিত্বে সভায় জানানো হয়, সরকার পেঁয়াজ ও আমসহ বিভিন্ন কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ওজনে অনিয়ম সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে। পরিপত্র অনুযায়ী, কৃষকদের কাছ থেকে অনৈতিকভাবে ধলতার নামে ওজনে বেশি নেওয়া ‘ওজন ও মানদণ্ড আইন, ২০১৮’ এর ২৯ ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
ইউএনও মো. রিফাতুল হক বলেন, কৃষকদের আর্থিক হয়রানি থেকে রক্ষা করতে এবং বাজারের শৃঙ্খলা বজায় রাখতে ধলতা প্রথা অবিলম্বে বন্ধ করতে হবে। অসাধু উপায়ে ওজনে কারচুপি করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, জেলা কৃষি বিপণন কর্মকর্তা নাইম আহমেদ এবং উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা আকমল হোসেন।
এছাড়াও পাংশা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল গণি, উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, পাংশা বাজার শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার সরদারসহ বিভিন্ন হাট-বাজারের সভাপতি, সাধারণ সম্পাদক ও আড়তদাররা উপস্থিত ছিলেন। সভায় বাজারের শৃঙ্খলা রক্ষায় ব্যবসায়ী ও আড়তদারদের প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
জেএইচআর