আশরাফ গোলাপ, কেন্দুয়া (নেত্রকোনা)
মে ১০, ২০২৬, ০৪:৩৭ পিএম
নেত্রকোনার কেন্দুয়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চোরচক্রের এক হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে কেন্দুয়া থানা পুলিশ।
শনিবার রাত ১১টার দিকে কেন্দুয়া পৌরসদর থেকে তাকে গ্রেপ্তার করে কেন্দুয়া থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম আফরোজ সানি (২৩)। তিনি উপজেলার গড়াডোবা ইউনিয়নের গড়াডোবা উত্তরপাড়া গ্রামের মোজাহার হোসেনের ছেলে।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাকসুদ জানান, গত জানুয়ারি মাসে বিদ্যাবল্লভ বাজারের কাছে খাম্বা থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে চোরচক্র রিপন মিয়া নামে একজনকে গলা কেটে হত্যা করে। এ ব্যাপারে রিপন মিয়ার ভাই সুজন মিয়া বাদী হয়ে চলতি বছরের ৩ জানুয়ারি চারজনের নামোল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। পরে বিদ্যাবল্লভ গ্রামের শহীদুল্লাহর ছেলে রাকিবকে গ্রেপ্তার করে পুলিশ। তার স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হয়। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলমান থাকে। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে আফরোজ সানি নামে এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
তিনি আরও বলেন, আসামি আফরোজ সানিকে আজ দুপুরের দিকে নেত্রকোনা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এএন