রাকিবুল হাসান, রাজশাহী
মে ১৩, ২০২৬, ০৫:২৩ পিএম
রাজশাহী মহানগরীতে অনুমোদনহীন এবং মেয়াদোত্তীর্ণ কসমেটিকস পণ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
বিএসটিআই সূত্রে জানা গেছে, নগরীর নিউমার্কেট এলাকার ‘সুমন অ্যান্ড ব্রাদার্স’-এ বিএসটিআই’র ছাড়পত্র ছাড়াই শ্যাম্পু, সাবান, লিপস্টিক, নেইলপলিশ ও স্কিন পাউডারসহ বিভিন্ন প্রসাধনসামগ্রী বিক্রি করা হচ্ছিল। এই অপরাধে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিন থিম ওমর প্লাজায় অবস্থিত ‘লিরা ইমপোর্ট’-এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে মেয়াদোত্তীর্ণ কসমেটিকস পণ্য সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইসলাম নাসিফ ও সেহরীন তাবাসসুম তিথীর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহীর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল সহযোগিতা প্রদান করে।
বিএসটিআই বিভাগীয় কার্যালয় জানিয়েছে, ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মানহীন পণ্যের বিস্তার রোধে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
জেএইচআর