আলী হাসান, জয়পুরহাট
মে ১৪, ২০২৬, ০৫:০৫ পিএম
দেশের কৃষি খাতের উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে জয়পুরহাটে ‘ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ’-এর উদ্যোগে ‘টেকসই কৃষি ব্যবসা সম্প্রসারণ’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় স্থানীয় স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে এই কর্মশালার আয়োজন করা হয়।
ব্র্যাকের জেলা সমন্বয়ক আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ব্র্যাকের হেড অব সেলস এম এ মনসুর লিয়ন। বক্তারা প্রান্তিক কৃষকদের কাছে উন্নত মানের বীজ পৌঁছানো এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে টেকসই ব্যবসায়িক মডেল গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নিরাপদ ও মানসম্পন্ন খাদ্য উৎপাদনে ‘উত্তম কৃষি পদ্ধতি’র বিকল্প নেই। এই উদ্যোগের ফলে স্থানীয় কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং কৃষকরা লাভবান হবেন।
কর্মশালায় ব্র্যাক সিডের পক্ষ থেকে জানানো হয়, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে ফলন বৃদ্ধি এবং কৃষকদের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে আধুনিক স্প্রেয়ার মেশিনসহ উন্নত জাতের সবজি ও ফসলের বীজের প্রদর্শনী করা হয় এবং এগুলোর সঠিক ব্যবহার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের দোরগোড়ায় উন্নত মানের সার, বীজ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করতে কর্মশালায় প্রায় তিন শতাধিক ডিলার ও কৃষককে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আঞ্চলিক ব্যবস্থাপক মানিক রাহা ও রিজিওনাল সেলস ফেরদৌস আলম। উপস্থিত ব্যবসায়ীরা টেকসই কৃষি ব্যবসা সম্প্রসারণে আরও সচেতন হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
জেএইচআর