আমার সংবাদ ডেস্ক
মে ১৬, ২০২৬, ১২:২৪ এএম
রাঙ্গামাটি জেলা গণঅধিকার পরিষদে আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এদের মধ্যে রয়েছেন এনসিপির জেলা আহ্বায়ক বিপিন যথী চাকমা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব আন্দোলনের সভাপতি পলাশ চাকমা, সাংগঠনিক সম্পাদক চিরজিৎ চাকমা, দপ্তর সম্পাদক সাগর চাকমা, প্রচার সম্পাদক অভিলাষ চাকমা, অবসরপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) জলমনি চাকমা এবং এলডিপি নেতা কামালসহ অনেকে।
শুক্রবার রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমিতে দলটির এক বিশেষ সমন্বয় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, উচ্চতর পরিষদের সদস্য সাকিব হোসাইন এবং চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন।

এছাড়াও জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক আবুল বাশার, সদস্য সচিব ওয়াহিদুজ্জামান রোমান, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি রুদ্র মুহম্মদ জিয়াদ, রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি ইমাম হোসাইন ইমু ও সাধারণ সম্পাদক রবিউল আউয়ালসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
সভায় গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, গণঅধিকার পরিষদের রাজনীতি দেশের সকল স্তরের মানুষের জন্য উন্মুক্ত। আওয়ামী লীগের নিরপরাধ নেতাকর্মীরাও চাইলে এই দলে যোগ দিতে পারবেন, তবে দলটির যারা অপরাধী ছিলেন, তাদের কোনো জায়গা গণঅধিকার পরিষদে হবে না। গণঅধিকার পরিষদ পাহাড় এবং সমতল সব অঞ্চলের মানুষের অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, আমাদের কাছে প্রধান পরিচয় হলো আমরা এই দেশের নাগরিক। গণঅধিকার পরিষদ মূলত রাজপথের আন্দোলন থেকে গড়ে উঠা একটি রাজনৈতিক দল। জনগণের মৌলিক অধিকার বাস্তবায়ন করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা জুলাই সনদ ও গণভোটের পক্ষে পূর্ণ সমর্থন ব্যক্ত করছি এবং সরকারের কাছে দাবি জানাচ্ছি, তারা যেন জুলাই সনদ ও গণভোট নিয়ে দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করেন।
জেএইচআর