আমার সংবাদ ডেস্ক
মে ১৬, ২০২৬, ০৯:৪৮ পিএম
রাজশাহীতে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।
শনিবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তারা দলে যোগ দেন। এ সময় নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
দলটির নেতাকর্মীদের দাবি, বিএনপির কুয়েত শাখার সাধারণ সম্পাদক ও তানোর উপজেলার মুন্ডুমালার বাসিন্দা সাইফুল ইসলাম, রাজশাহী নিউ ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি জিয়াউর রহমান, গোদাগাড়ী ইউনিয়ন কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ এবং বাগমারা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এনামুল হকের নেতৃত্বে এক হাজারের বেশি নেতাকর্মী এনসিপিতে যোগ দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক মোবাশ্বের আলী। সঞ্চালনা করেন সদস্যসচিব আতিকুর রহমান। এতে আরও বক্তব্য দেন দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন।
অনুষ্ঠানে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “গণঅভ্যুত্থানে রাজশাহীর মানুষের বড় ভূমিকা ছিল। রাজশাহীবাসী কখনও সন্ত্রাস ও দখলদার রাজনীতিকে প্রশ্রয় দেয়নি। ভবিষ্যতেও তারা একই অবস্থানে থাকবে।”
তিনি আরও বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিভিন্ন স্থানে সক্রিয়তা নিয়ে উদ্বেগ রয়েছে। একই সঙ্গে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সম্ভাব্য সমঝোতা হলে তা রাজনৈতিকভাবে বড় ভুল হবে বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে সারজিস আলম বলেন, “বাংলাদেশের মানুষ শুধু প্রতীকে নয়, নেতৃত্বের প্রতি আস্থা রেখে ভোট দেয়।” তিনি অভিযোগ করেন, দেশে এখনও চাঁদাবাজি, দখলবাজি ও প্রভাব বিস্তারের রাজনীতি অব্যাহত রয়েছে। এসব কর্মকাণ্ড থেকে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, “জনগণ আর দলবাজি ও চাঁদাবাজির রাজনীতি দেখতে চায় না। যারা ক্ষমতায় এসে এসব চালিয়ে যাবে, ভবিষ্যতে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।”
অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে এনসিপির মহানগর আহ্বায়ক মোবাশ্বের আলীর নামও ঘোষণা করা হয়।
এএন