সাইফুল ইসলাম, কুড়িগ্রাম
মে ১৯, ২০২৬, ০২:২৬ পিএম
সারা দেশের ন্যায় কুড়িগ্রামেও নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা।
মঙ্গলবার সকাল ১০টায় অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমি মন্ত্রণালয় থেকে সারা দেশে একযোগে এই ভূমিসেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ভূমিসেবা মেলা উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে মেলার উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানের পর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসনের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. কুদরত-এ-খুদা, ডেপুটি সিভিল সার্জন আনম মোহাইমেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা এবং সদর উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আতাউল হক খান চৌধুরী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান ও সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও সুধীজন।
তিন দিনব্যাপী এই মেলাকে ঘিরে ভূমি অফিসসমূহের সেবামূলক স্টল স্থাপন, শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমিবিষয়ক কুইজ প্রতিযোগিতা, সেমিনার, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণীসহ নানা আয়োজন রাখা হয়েছে। এই ভূমিসেবা মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে।
জেএইচআর