আব্দুল মজিদ, নাটোর
মে ১৯, ২০২৬, ০৩:৫৬ পিএম
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ণকলস গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- আরাফাত রহমান ও মোহাম্মদ আলী। তারা স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে ওই দুই শিশু। দীর্ঘ সময় পার হয়ে গেলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরপাড়ে তাদের খুলে রাখা পোশাক দেখতে পেয়ে স্বজনদের সন্দেহ হয়। পরে পুকুরে নেমে তল্লাশি চালিয়ে অচেতন অবস্থায় দুই শিশুকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর দ্রুত তাদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জেএইচআর