ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গাজীপুরের সাতাইশ ধরপাড়ায় বড় প্রকল্পের উদ্বোধন, আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

মে ১৯, ২০২৬, ০৯:২৯ পিএম

গাজীপুরের সাতাইশ ধরপাড়ায় বড় প্রকল্পের উদ্বোধন, আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজীপুরের টঙ্গীতে বুধবার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টঙ্গীর সাতাইশ ধরপাড়ায় আয়োজিত এই অনুষ্ঠানে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি এবং সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদ হাবিব দুলু এমপি।

অনুষ্ঠানসূচি অনুযায়ী, দুপুর ১টা ৩০ মিনিটে আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর দুপুর ২টায় প্রধানমন্ত্রী অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন, দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ এবং প্রকল্প সম্পর্কিত উপস্থাপনা পরিদর্শন করবেন। পরবর্তীতে দুপুর ২টা ১৫ মিনিটে সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে স্বাগত বক্তব্য, বিশেষ অতিথির বক্তব্য ও সভাপতির বক্তব্যের পর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়নের জন্য সাতাইশ মৌজার ধরপাড়ার যে সরকারি জমি নির্বাচন করা হয়েছে, সেটি দীর্ঘদিন অবৈধ দখলে ছিল। ২০২০ সালে গণমাধ্যমে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন, স্থানীয় পর্যায়ে ভূমি শনাক্তকরণে গাজীপুর মহানগর প্রতিনিধি মো. আজিজুল হকের সরেজমিন সহযোগিতা, পুরনো সরকারি নথিপত্র যাচাই এবং প্রশাসনিক তৎপরতার মাধ্যমে জমিটি পুনরায় শনাক্ত ও উদ্ধার প্রক্রিয়া শুরু হয়।

জানা যায়, পাকিস্তান আমলে রিফিউজি পুনর্বাসনের উদ্দেশ্যে ষাটের দশকে টঙ্গীর সাতাইশ, গুশুলিয়া ও গাছা মৌজায় বিপুল পরিমাণ জমি অধিগ্রহণ করা হয়েছিল। দীর্ঘদিন ধরে এসব জমির বড় অংশ বেদখলে থাকায় এর ইতিহাসও প্রায় হারিয়ে যেতে বসেছিল। পরে তৎকালীন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে নানা প্রতিকূলতা মোকাবেলা করে সাতাইশ মৌজার জমিটি সফলভাবে দখলমুক্ত করা হয়। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মন্ত্রণালয়ের বাকি দুই মৌজার বেহাত হওয়া জমি এখনো পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।

জেএইচআর

Link copied!